বাংলাদেশে বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের (এসসিবি) ৫৪ জন গ্রাহকের ক্রেডিট কার্ড থেকে অভিনব উপায়ে ২৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। গ্রাহকেরা কার্ড ব্যবহার না করলেও প্রতি গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা করে বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। পরে প্রতারকরা সেই অর্থ উত্তোলন করে।
ঘটনাটি গত আগস্টের শেষ সপ্তাহে ঘটে। এ ঘটনায় ব্যাংকটি বিকাশ ও নগদে কার্ড থেকে অর্থ স্থানান্তরের সুবিধা সাময়িকভাবে বন্ধ করেছে। গ্রাহকরা অভিযোগ জানালে ব্যাংক বিষয়টি বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
ভুক্তভোগী গ্রাহকরা ফেসবুকে জানান, ওটিপি বা পাসওয়ার্ড কাউকে না দিলেও কয়েক সেকেন্ডের মধ্যে তাদের হিসাব থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। ব্যাংকের প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে নিরাপত্তা যাচাই করা হয়েছে, তবে কোনো দুর্বলতা ধরা পড়েনি। ব্যাংক জানিয়েছে, সমস্যা এমএফএসের “অ্যাড মানি” অপশন ব্যবহার করে অর্থ স্থানান্তরের কারণে হয়েছে।
এসসিবি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লুৎফুল হাবিব বলেন, “৫৪ জন গ্রাহক অভিযোগ করেছেন। আইনশৃঙ্খলা ও বাংলাদেশ ব্যাংকের তদন্ত চলছেই। প্রকৃত তথ্য বেরিয়ে আসার পর দোষীদের শনাক্ত করে শাস্তি দেওয়া হবে। সাময়িকভাবে এমএফএস অ্যাপে কার্ড থেকে অর্থ স্থানান্তর বন্ধ রাখা হয়েছে।”
এ ঘটনা গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং ব্যাংক খাতে নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়টি আবারও সামনে এনেছে।
আপনার মতামত লিখুন :