জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আজ জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ভাষণ


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৫, ২:৫৯ অপরাহ্ন

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নিউইয়র্ক সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে এবং তিনি ১০ম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। বাংলাদেশ সময় এটি সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে।

প্রত্যাশা করা হচ্ছে, তাঁর ভাষণে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক পদক্ষেপ, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এবং রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হবে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে জানান, অধ্যাপক ইউনূস গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ও অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি বিশ্ব সম্প্রদায়কে জানাবেন। তাঁর ভাষণের মূল বার্তা হবে—আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছান অধ্যাপক ইউনূস। তাঁর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং যুক্তরাষ্ট্র থেকে যোগ দেওয়া জামায়াত নেতা নকিবুর রহমান।