ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল

রাশিয়া-চীনের প্রস্তাব খারিজ, ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৫:৫২ অপরাহ্ন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীনের প্রস্তাব ব্যর্থ হওয়ায় আগামী রোববার থেকে ইরানের ওপর পুনরায় সব নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। এতে পশ্চিমাদের সঙ্গে তেহরানের উত্তেজনা নতুন করে চরমে পৌঁছানোর আশঙ্কা দেখা দিয়েছে।

জাতিসংঘে যুক্তরাজ্যের প্রতিনিধি বারবারা উড জানান, নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে। রাশিয়া-চীনের প্রস্তাবের পক্ষে মাত্র চারটি দেশ ভোট দিলেও বিপক্ষে যায় নয়টি এবং বিরত থাকে দুটি দেশ। ফলে নিষেধাজ্ঞা ছয় মাস পিছিয়ে দেওয়ার প্রস্তাব গৃহীত হয়নি।

এদিকে ইরান সতর্ক করে বলেছে, নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট যেকোনো পরিস্থিতির দায় পশ্চিমাদের বহন করতে হবে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে জানান, ইরান পারমাণবিক অস্ত্র চায় না এবং এনপিটি থেকেও সরে আসবে না। বরং সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়েও তারা স্বচ্ছ থাকতে প্রস্তুত।

২০১৫ সালের পরমাণু চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তুলে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি সম্প্রতি ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া চালু করে। আলোচনায় সমাধান না আসায় শনিবার রাত ৮টা (যুক্তরাষ্ট্র সময়) থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ভোটের পর ইরান জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতদের তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে। ইরানের প্রতিনিধি আরাগচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র কূটনীতিকে বিশ্বাসঘাতকতা করেছে এবং ইউরোপের ই-৩ দেশগুলো তা কবর দিয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় পড়বে অস্ত্র কেনাবেচা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, বিদেশে ইরানের সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা ও জ্বালানি খাতের ওপর কড়া বিধিনিষেধ।

প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসে ইরান পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল।