ধর্ম মন্ত্রণালয়

হজ খরচ কমলো, সরকারি ব্যবস্থাপনায় ঘোষণা ৩ প্যাকেজ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৬:৫২ অপরাহ্ন

আগামী বছরের হজের খরচ কমিয়ে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। বিমান ভাড়া হ্রাস পাওয়ায় চলতি বছরের তুলনায় খরচ কমছে বলে জানানো হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন। এবার ন্যূনতম খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্রথম প্যাকেজের খরচ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।

প্যাকেজ অনুযায়ী হজযাত্রীরা মক্কার বিভিন্ন স্থানে অবস্থান করবেন—প্রথম প্যাকেজে মসজিদুল হারাম থেকে ৭০০ মিটার দূরে, দ্বিতীয় প্যাকেজে ১.৭ কিলোমিটার দূরে এবং তৃতীয় প্যাকেজে আজিজিয়া এলাকায়।

ধর্ম উপদেষ্টা জানান, বিমান ভাড়া কমিয়ে এবার ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছর ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। তিনি আরও বলেন, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে ৫০ বছরের নিচে একজনকে সঙ্গে নিতে হবে। এছাড়া সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজে যেতে পারবেন না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। হজ নিবন্ধন শুরু হবে ২৭ জুলাই এবং শেষ হবে ১২ অক্টোবর।