টিসিবি

টিসিবির তালিকায় যুক্ত হলো নতুন পাঁচ পণ্য


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৫:২২ অপরাহ্ন

আগামী নভেম্বর থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর তালিকায় নতুন পাঁচটি পণ্য যুক্ত হচ্ছে। এগুলো হলো—চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে টিসিবির উপকারভোগী নির্বাচন ও স্মার্ট ফ্যামিলি কার্ড সক্রিয়করণ বিষয়ক সভায় এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, প্রতিবছর সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে টিসিবির কার্যক্রম চালাচ্ছে। নতুন পাঁচটি পণ্য যুক্ত হলে দরিদ্র মানুষের স্বস্তি বাড়বে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সহায়ক হবে।

সরকারের লক্ষ্য এক কোটি প্রকৃত উপকারভোগীকে টিসিবির আওতায় আনা—উল্লেখ করে তিনি দায়িত্বশীল কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান। বর্তমানে টিসিবির সক্রিয় স্মার্ট ফ্যামিলি কার্ডের সংখ্যা ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬টি। আরও ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪টি কার্ড সক্রিয়করণের অপেক্ষায় রয়েছে।

সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, উপকারভোগী শনাক্তকরণই বড় চ্যালেঞ্জ। পাশাপাশি সিটি করপোরেশনের কার্যক্রমেও কিছুটা ধীরগতি রয়েছে। তবে দ্রুতই এসব সমস্যা সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান এবং টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়শল আজাদ বক্তব্য দেন।

👉 বাণিজ্য উপদেষ্টা আগামী এক মাসের মধ্যে সারা দেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি আনার নির্দেশ দেন।