আফ্রিকার দেশ মাদাগাস্কার

জেন-জি বিক্ষোভে মাদাগাস্কারে সরকার পতন


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

বিদ্যুৎ ও পানি সংকটকে ঘিরে জেনারেশন জেড বা জেন-জিদের নেতৃত্বে ছড়িয়ে পড়া বিক্ষোভে পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের সরকার ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। সোমবার (২৯ সেপ্টেম্বর) টেলিভিশন ভাষণে তিনি সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা প্রার্থনা করে এ ঘোষণা দেন।

রাজোয়েলিনা বলেন, “সরকার যদি দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকে তবে আমরা তা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি।” তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দেন এবং জনগণের ক্ষোভ ও দুর্ভোগ উপলব্ধি করার কথা উল্লেখ করেন।

গত বৃহস্পতিবার রাজধানী আন্তানানারিভোতে শুরু হওয়া বিক্ষোভ কয়েক দিনের মধ্যেই আটটি শহরে ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ-জ্বালানি মন্ত্রীকে বরখাস্ত করেও আন্দোলন থামানো যায়নি। আন্দোলনকারীরা প্রেসিডেন্ট ও পুরো সরকারের পদত্যাগ দাবি করেন।

হাজারো মানুষ পুনরায় রাস্তায় নামলে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে অপসারণ এবং সরকার ভাঙার ঘোষণা দেন। তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন আহ্বান করা হবে বলে জানান তিনি।

জাতিসংঘের মানবাধিকার প্রধান জানিয়েছেন, আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ, রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং গুলি চালানোর অভিযোগ উঠেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৩ সালে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর এ বিক্ষোভই প্রেসিডেন্ট রাজোয়েলিনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।