ভিয়েতনামে আঘাত

টাইফুন বুয়ালোইয়ে লণ্ডভণ্ড ভিয়েতনাম, মৃত ১৯


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১২:২১ অপরাহ্ন

প্রবল টাইফুন বুয়ালোইয়ের তাণ্ডবে ভিয়েতনাম বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর নিখোঁজ রয়েছেন অন্তত ২১ জন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী টাইফুন এটি। ঝড়ের প্রভাবে উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টি ও বন্যার পাশাপাশি ভূমিধসের আশঙ্কা বাড়ছে। সোমবার উত্তরমধ্যাঞ্চলের উপকূল দিয়ে স্থলে ওঠে টাইফুনটি, সঙ্গে নিয়ে আসে জলোচ্ছ্বাস, তীব্র ঝড় ও প্রবল বৃষ্টি।

সরকার জানিয়েছে, ঝড়ে অন্তত ৮৮ জন আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখেরও বেশি বাড়িঘর। পানিতে তলিয়ে গেছে ১০ হাজার হেক্টরের বেশি জমির ধান ও অন্যান্য ফসল। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এনহে আন ও হা তিং প্রদেশে।

দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অঞ্চলে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানী হ্যানয়সহ বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। সঙ্গে ঝড়ো হাওয়া ও বজ্রপাতেরও সতর্কতা দিয়েছে তারা।

রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানায়, মঙ্গলবার পর্যন্ত উত্তরমধ্যাঞ্চলের বহু গ্রাম পানিতে ডুবে গেছে। এসব এলাকায় বিদ্যুৎ নেই, যানবাহন চলাচলও বন্ধ হয়ে পড়েছে।

উল্লেখ্য, দীর্ঘ উপকূলরেখার কারণে ভিয়েতনাম প্রায়ই প্রাণঘাতী টাইফুনের কবলে পড়ে। গত সপ্তাহে ফিলিপিন্সে বুয়ালোইয়ের তাণ্ডবে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছিল।