জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ (ইউএনজিএ) শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে এবং বাংলাদেশ সময় বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে তিনি নিউইয়র্ক ত্যাগ করেন।
জন এফ কেনেডি বিমানবন্দরে তাকে বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।
২২ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক সফরে যান ড. ইউনূস। সফরকালে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেন এবং বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত “সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি” শীর্ষক সাইড ইভেন্টে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। এছাড়া তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন এবং বিশ্বের বিভিন্ন দেশের সাবেক প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীসহ শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন।
সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন। এ সময় ড. ইউনূস আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের বাংলাদেশ সফরের আহ্বান জানান।
সবশেষে, জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত “মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি” বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নিয়ে বক্তব্য রাখেন তিনি।


আপনার মতামত লিখুন :