বিসিবি নির্বাচন

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল


খেলাধুলা ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি। তামিম ছাড়াও আরও ১০-১২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই হঠাৎ করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম।

তামিম ছাড়াও পরিচালক পদে নির্বাচন থেকে সরে গেছেন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীরা।

জানা গেছে, যে ১৫ ক্লাবের ওপর আদালতের নিষেধাজ্ঞা এসেছে, তাদের সবাই বিএনপিপন্থি কাউন্সিলরদের। এতে তামিমের নেতৃত্বাধীন বিএনপিপন্থি প্যানেলের ১৫টি নিশ্চিত ভোট হাতছাড়া হয়ে যায়। তাছাড়া শেষ মুহূর্তে সাজানো ১২ জনের প্যানেল থেকেও চার প্রার্থী নির্বাচন করতে না পারায় শক্তি কমে যায় ব্যাপকভাবে।

ফলে আগের দিন থেকেই গুঞ্জন ছিল—তামিমসহ বিএনপিপন্থি প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্য হলো।