ফিলিপাইনের সেবু দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে সেবুর উত্তরাঞ্চলীয় শহর বোগোর কাছে ৬.৯ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।
ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের উপপ্রশাসক রাফায়েলিতো আলেহান্দ্রো জানিয়েছেন, হতাহতের নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। সেবু প্রদেশের গভর্নর পামেলা বারিকুয়াত্রো জানান, শুধু বোগো শহরের প্রাদেশিক হাসপাতালেই ২৫ জনের মৃত্যু রেকর্ড হয়েছে। আহতের সংখ্যা এত বেশি যে অনেককে হাসপাতালের বাইরে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সরকারি হিসাবে এখন পর্যন্ত অন্তত ১৪৭ জন আহত হয়েছেন এবং কমপক্ষে ২২টি ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন উদ্ধার কার্যক্রম জোরদার করেছে। তবে আফটারশক ও আরও ক্ষতির আশঙ্কায় দ্বীপের জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :