ফিলিস্তিনের গাজার মানুষের জন্য ত্রাণবাহী বৈশ্বিক উদ্যোগ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র জাহাজগুলোর মধ্যে একটি ইতিমধ্যে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। বৃহস্পতিবার ফ্লোটিলার লাইভ ট্র্যাকার সূত্রে এ তথ্য জানা যায়। তবে জাহাজটি ইসরায়েলি বাহিনী আটক করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ফ্লোটিলার অন্তত ২৩টি নৌযান এখনো গাজা উপকূল থেকে ৫০-৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর আগে বুধবার রাতে ইসরায়েলি বাহিনী ১৩টি নৌযান আটকে দিয়ে ৩৭ দেশের দুই শতাধিক মানবাধিকারকর্মীকে আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, থামিয়ে দেওয়া নৌযানগুলোর আরোহীদের একটি বন্দরে নেওয়া হচ্ছে এবং তারা সুস্থ ও নিরাপদ আছেন।
প্রসঙ্গত, ফ্লোটিলার প্রথম বহরটি গত ৩১ আগস্ট বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরবর্তীতে তিউনিসিয়া, ইতালির সিসিলি দ্বীপ ও গ্রিস থেকে আরো নৌযান যোগ হয়। বর্তমানে প্রায় ৪৪ দেশের ৫০০ মানবাধিকারকর্মী, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্যরা এই ফ্লোটিলায় যুক্ত রয়েছেন।
সূত্র: আলজাজিরা
আপনার মতামত লিখুন :