গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

ফ্লোটিলা আটক নিয়ে বাংলাদেশের নিন্দা


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৫, ২:৪২ অপরাহ্ন

গাজাবাসীর জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিক জলসীমা থেকে আটকের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ আটক ও কর্মীদের গ্রেপ্তার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ এবং মানবতার প্রতি চরম অবমাননা। বাংলাদেশ অবিলম্বে আটক কর্মীদের নিঃশর্ত মুক্তি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

বিবৃতিতে ইসরায়েলকে গাজা ও পশ্চিম তীর থেকে বেআইনি দখল প্রত্যাহার, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা, এবং গাজায় মানবিক অবরোধ ও সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এই ফ্লোটিলা বিশ্ববাসীর পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক। বাংলাদেশের সরকার ও জনগণ ফিলিস্তিনিদের দুর্দশার সময়ে সর্বদা পাশে রয়েছে এবং ভবিষ্যতেও তাদের প্রতি অবিচল সমর্থন জানাতে প্রতিশ্রুতিবদ্ধ।