ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান স্থগিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর এ সিদ্ধান্ত নেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ইসরায়েলের সংবাদমাধ্যম কান জানিয়েছে, শুক্রবার ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পর নেতানিয়াহু আইডিএফকে অভিযান স্থগিতের নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পরপরই আইডিএফ হামলা বন্ধ করে। তবে আর্মি রেডিওর তথ্যে বলা হয়, অভিযান পুরোপুরি থামানো হয়নি; হামলা ও গোলাবর্ষণ বন্ধ থাকলেও অবস্থান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা।
এর আগে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় যুদ্ধাবসান বিষয়ে ২০ দফা পরিকল্পনা ঘোষণা করেন। পরিকল্পনা প্রকাশের পরপরই নেতানিয়াহু এতে সম্মতি দিলেও গাজা নিয়ন্ত্রণকারী হামাস তখন সাড়া দেয়নি।
শুক্রবার হামাসকে আল্টিমেটাম দেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দেন, রোববারের মধ্যে সাড়া না দিলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে হামাসের জন্য। কয়েক ঘণ্টার মধ্যেই হামাসের হাইকমান্ড জানায়, তারা ট্রাম্পের প্রস্তাবে রাজি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত।
হামাসের এই সম্মতির পরই ট্রাম্প ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান। পরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, গাজায় যুদ্ধাবসান প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ করতে প্রস্তুত ইসরায়েল।
সূত্র: টাইমস অব ইসরায়েল
আপনার মতামত লিখুন :