মোস্তাফিজুর রহমান

টি-টোয়েন্টিতে মোস্তাফিজ এখন ‘ডট বলের রাজা’


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন

শেষ ম্যাচে উইকেটশূন্য থাকলেও টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৪ ওভারে ৪০ রান দিয়ে সাতটি ডট বল করেন তিনি। এই সাত বলই এনে দিল নতুন মাইলফলক—টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইতিহাসে সর্বোচ্চ ডট বলের মালিক এখন মোস্তাফিজ।

১২০ ইনিংসে মোস্তাফিজের ডট বল এখন ১,১৪২টি, যা তাঁর মোট বলের ৪৩.৬৫ শতাংশ। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার টিম সাউদিকে (১,১৩৮)।

তৃতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান (১,০৭৮), এরপর ইংল্যান্ডের আদিল রশিদ (৯৮৮) এবং আফগানিস্তানের রশিদ খান (৯৮৪)। যদিও সবার চেয়ে কম ইকোনমির বোলার রশিদ খান (৬.১২), পাশাপাশি তিনি সর্বোচ্চ উইকেটশিকারিও—১৭৯ উইকেট নিয়ে। মোস্তাফিজের ঝুলিতে আছে ১৫২ উইকেট, ইকোনমি রেট ৭.৩২।

বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদও তালিকার কাছাকাছি। তাঁর ডট বল সংখ্যা ৮৩৮, যা তাঁকে রেখেছে ১১ নম্বরে। ডট রেট ৪৭.৭৪ শতাংশ, যা প্রমাণ করে টি-টোয়েন্টিতে তাঁর কার্যকারিতা।

আগের মতো ধারাবাহিকভাবে কাটার ম্যাজিক না দেখালেও ‘ডট বলের রাজা’ হিসেবে যে মোস্তাফিজ এখনও বিশ্বের সেরা বোলারদের একজন—তা আবারও প্রমাণ হলো এই রেকর্ডে।