দেশের আলেমরা শুধু মসজিদের নয়, জাতিরও নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আলেমরা সমাজ পরিচালনায় অংশ নিলে দেশ থেকে দুর্বৃত্তায়ন দূর হবে।
শনিবার দুপুরে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির আয়োজিত ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে’ এ বক্তব্য দেন তিনি।
শফিকুর রহমান বলেন, দেশে ৯০ দশমিক ৮ শতাংশ মানুষ মুসলমান হলেও ধর্মের নামে জাতিকে বিভক্ত করার পক্ষপাতী নয় জামায়াত। বরং হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টানরা মিলেমিশে বসবাস করছে বাংলাদেশে, যা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, কোরআন ও সুন্নাহর আলোকে ওলামায়ে কেরাম জাতিকে পথ দেখালে সমাজ উপকৃত হবে। শিক্ষিত সমাজের কিছু অংশ কলমের মাধ্যমে জাতির ক্ষতি করলেও আলেমরা জাতিকে সতর্ক ও জাগ্রত করার দায়িত্ব পালন করবেন।
জামায়াতের এই আমির বলেন, “জাতি সংকটে পড়লে আলেমরা রাহবার হিসেবে দিকনির্দেশনা দেবেন। স্বাধীনতার এত বছর পরও দেশে মানবিক ও দায়িত্বশীল সমাজ প্রতিষ্ঠিত হয়নি। তাই ঐক্যবদ্ধভাবে সুন্দর সমাজ গড়তে আলেমদের এগিয়ে আসতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। এতে বক্তব্য দেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের।
আপনার মতামত লিখুন :