২০২৫ সালের নোবেল পুরস্কারের ঘোষণা শুরু হয়েছে। এর অংশ হিসেবে চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী— মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি।
তাদের গবেষণা ছিল পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে। গবেষণায় তারা দেখিয়েছেন, মানবদেহের প্রতিরোধ ব্যবস্থা কীভাবে নিজের উপাদান বা ক্ষতিকর নয় এমন বাইরের উপাদানের (যেমন খাদ্য উপাদান বা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া) বিরুদ্ধে অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া এড়িয়ে যায়। এ প্রক্রিয়া স্বয়ংক্রিয় রোগ (অটোইমিউন ডিজিজ) প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশ সময় সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
নোবেলজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন একটি স্বর্ণপদক, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা)। তিনজনের মধ্যে অর্থ সমানভাবে ভাগ করা হবে।
প্রসঙ্গত, প্রতিবছর চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি—এই ছয়টি ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার।
আপনার মতামত লিখুন :