সিইসি

নির্বাচন শুধু ইসির একার পক্ষে সম্ভব নয়


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন /
<h5>সিইসি</h5> <h3>নির্বাচন শুধু ইসির একার পক্ষে সম্ভব নয়</h3>

আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের (ইসি) একার পক্ষে সবকিছু সামাল দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে এক সংলাপে তিনি বলেন, “জাতীয় নির্বাচন, জাতীয়ভাবেই করতে হবে। এজন্য গণমাধ্যম, জনগণ ও রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা অপরিহার্য।”

সিইসি জানান, এ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিকল্প নেই। দায়িত্ব নেওয়ার পর থেকেই ইসি প্রস্তুতি নিচ্ছে। ভোটার তালিকা হালনাগাদের সময় ২১ লাখ মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে এবং ৪৫ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন। নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে, ফলে নারী নিবন্ধন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘ডিজিটাল ও পোস্টাল ব্যালটের সমন্বিত একটি শংকর পদ্ধতি’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রবাসীরা অনলাইনে নিবন্ধন করে ডাকযোগে ভোট দিতে পারবেন।

গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, যত প্রস্তুতিই থাকুক না কেন, মিডিয়া, জনগণ ও রাজনৈতিক দলগুলো সমানভাবে দায়িত্বশীল। গণমাধ্যম জনমত গঠন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, “আমরা একটি উৎসবমুখর নির্বাচন চাই। এজন্য ভোটারদের সচেতন করতে গণমাধ্যমকে পাশে চাই, যাতে সবাই কেন্দ্রে এসে ভোট দেন।”

সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিব কে এম আলী নেওয়াজ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।