পাকিস্তান ও আফগানিস্তান

পাক-আফগান সীমান্তে সংঘর্ষ, ভারী অস্ত্রে হামলা-পাল্টা হামলা


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাতে সীমান্তবর্তী এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে ভারী অস্ত্রে সংঘর্ষ ঘটে। আফগান সীমান্তরক্ষীরা প্রথমে পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালায়, পরে পাল্টা জবাব দেয় পাকিস্তানের সেনারা।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, এর আগে শুক্রবার রাতে পাকিস্তানের বিমানবাহিনী আফগান রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। ওই হামলার লক্ষ্য ছিল সন্ত্রাসী সংগঠন টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান)-এর প্রধান নেতা নূর ওয়ালী মেসুদ। এ ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে।

আফগান সেনাবাহিনী জানিয়েছে, বিমান হামলার প্রতিশোধ নিতে তাদের সেনারা পূর্বাঞ্চলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পাল্টা অভিযান চালাচ্ছে। বিবৃতিতে বলা হয়, সীমান্তের বিভিন্ন অঞ্চলে তালেবান সীমান্তরক্ষীরা পাকিস্তানি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছে।

এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, আফগান সেনাদের বড় বহর পাকিস্তান সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে।

এর আগে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার পাকিস্তানের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছিল। আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান তাদের রাজধানী কাবুলের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং পাকতিকা প্রদেশের মার্ঘা অঞ্চলের একটি মার্কেটে বোমা হামলা চালিয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় একে “আফগান-পাক সম্পর্কের ইতিহাসে নজিরবিহীন, সহিংস ও নিন্দনীয় পদক্ষেপ” বলে আখ্যা দিয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে কাবুলে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। পরবর্তীতে জানা যায়, পাকিস্তান টিটিপি প্রধান নূর ওয়ালী মেসুদকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। তবে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ দাবি অস্বীকার করে জানান, “টিটিপির প্রধান কাবুলে উপস্থিত ছিলেন না।