আফগানিস্তান সীমান্তে গত শনিবার রাতভর সংঘর্ষে পাকিস্তানি সেনাদের হামলায় ২০০ এর বেশি আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। একই সময়ে আফগানদের হামলায় পাকিস্তানি ২৩ সৈন্য নিহত ও ২৯ জন আহত হয়েছেন।
পাকিস্তানি সেনাবাহিনী বলেছে, তাদের আক্রমণে তালেবানের অবকাঠামো, সেনা পোস্ট, ক্যাম্প, হেডকোয়ার্টার ও সাপোর্ট নেটওয়ার্কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আফগান তালেবান সূত্র দাবি করেছে, তাদের হামলায় পাকিস্তানি ৫৮ সেনা নিহত হয়েছেন এবং নিজেদের ৯ জন প্রাণ হারিয়েছে।
ঘটনার পর সৌদি আরব ও কাতার দুই দেশকে সংযম প্রদর্শন এবং কূটনীতি ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে। সৌদি আরব জানিয়েছে, উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে যাতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় থাকে। কাতারও একইভাবে পাকিস্তান ও আফগানিস্তানকে ভাতৃপ্রতীম দেশ হিসেবে উল্লেখ করে শান্তিপূর্ণ সমাধানের জন্য সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
আলজাজিরা সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় দুই পক্ষকে সংযম ও শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটতে উৎসাহিত করছে।
আপনার মতামত লিখুন :