দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

ক্রমবর্ধমান বিক্ষোভ ও জনরোষের মুখে দেশ ছেড়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি নিরিনা রাজোয়েলিনা। রোববার (১২ অক্টোবর) তিনি দেশ ত্যাগ করেন এবং সোমবার তার প্রস্থানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

গত কয়েক সপ্তাহ ধরে তরুণ প্রজন্মের নেতৃত্বে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। এই পরিস্থিতির মধ্যেই তার দেশত্যাগ নতুন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে।

বিরোধীদলীয় নেতা সিতেনি র‌্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো রয়টার্সকে জানান, প্রেসিডেন্টের দপ্তরের কর্মকর্তারাও তার দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা জানা যায়নি।

সম্প্রতি সেনাবাহিনীর একটি বড় অংশের সমর্থন হারিয়েছিলেন রাজোয়েলিনা। এমনকি তিনি ওই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগও তোলেন।

ফরাসি গণমাধ্যম এএফপির খবরে বলা হয়েছে, ২০১৪ সালে ফরাসি নাগরিকত্ব পাওয়া রাজোয়েলিনাকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বিশেষ সমঝোতার আওতায় ফরাসি সামরিক বিমানে করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, প্রেসিডেন্ট দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজোয়েলিনা সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

রাজোয়েলিনার দেশত্যাগ মাদাগাস্কারের চলমান রাজনৈতিক সংকটে নতুন মাত্রা যোগ করেছে বলে বিশ্লেষকদের অভিমত। দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক স্থবিরতা নিয়ে চলমান বিক্ষোভ এখন দেশটির এক গভীর রাজনৈতিক সঙ্কটে রূপ নিয়েছে।