রাজধানীর মিরপুর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। প্রথমে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, পরে আরও কয়েকটি ইউনিট যুক্ত হয়ে ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিকেল ৪টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
এদিকে, জাতীয় বার্ন ইনস্টিটিউটে তিনজন আহত শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন— মো. সোহেল সরদার (৩৭), মো. মামুন (৩৫) ও মো. সুরুজ্জামান। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, তিনজনের কারো অবস্থাই আশঙ্কাজনক নয়; তাদের মধ্যে সুরুজ্জামানের শরীরে ২ শতাংশ পোড়া ক্ষত রয়েছে, অন্য দুজন ধোঁয়ায় অসুস্থ হয়েছেন।
ফায়ার সার্ভিসের তদন্ত দল আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে কাজ শুরু করেছে।
আপনার মতামত লিখুন :