ইতালির রোমে দুই দিনের গুরুত্বপূর্ণ সরকারি সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরাম-এ যোগ দিতে গত রোববার (১২ অক্টোবর) বিকেলে রোমে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক।
সফরের প্রধান আকর্ষণ ছিল সোমবারের ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অধিবেশন, যেখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ড. ইউনূস। তিনি বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে ছয় দফা প্রস্তাবনা উপস্থাপন করেন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসিত হয়।
রোম সফরকালে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী এবং রোমের মেয়রের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা, কৃষি প্রযুক্তি বিনিময় ও সামাজিক ব্যবসা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :