বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর (Proportional Representation) নিয়ে যে কোনো তর্ক-বিতর্ক সংসদে আলোচনার মাধ্যমে হবে। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত, সেগুলো জুলাই সনদে স্বাক্ষরিত হবে, বাকিদের জন্য গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
ফখরুল বলেন,
“দেশকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট ও পিআর ছাড়া নির্বাচন হবে না—এসব দাবিতে কেউ নির্বাচনকে ব্যর্থ করতে চাইছে। হিংসার রাজনীতি চাই না। হিন্দু-মুসলিম বিভেদ চাই না। সবাই মিলে শান্তিতে থাকতে চাই।”
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা, প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, এবং কৃষকদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হবে।
নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন,
“আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। বিভাজন সৃষ্টি করা যাবে না। জনগণ যাকে ভোট দেবে, তিনি নির্বাচিত হবেন। গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যেখানে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব থাকবে। ভুলবেন না, মার্কা হবে ধানের শীষ।”
সভায় বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :