আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং তার স্ত্রী রেহানা হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। মামলাগুলো দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দায়ের করা হবে। দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে মামলাগুলো করবেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, সাবের হোসেন চৌধুরী ১৯৮৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে জ্ঞাত আয় উৎসের বাইরে ১২ কোটি ২৫ লাখ টাকার বেশি সম্পদ অর্জন করেছেন এবং ২১টি ব্যাংক হিসাবে ১২৪ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন। তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা অনুযায়ী।
অন্যদিকে, তার স্ত্রী রেহানা হোসেনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি ১৯৯৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে ২৬ কোটি ৯৭ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তিনটি ব্যাংক হিসাবে ১৫০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন।
এই মামলায় রেহানা হোসেনের পাশাপাশি সাবের হোসেন চৌধুরীকেও আসামি করা হয়েছে বলে জানিয়েছে দুদক।
আপনার মতামত লিখুন :