সংসদ এলাকায় পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ, মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষে এলাকা একরকম রণক্ষেত্রে পরিণত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় পুরো সংসদ এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে।

সাক্ষীদের বরাতে জানা যায়, সকাল থেকেই জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতা ও আন্দোলনকারীরা ৩ দফা দাবিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেন। তাদের দাবি— আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, “জুলাই আহত বীর” মর্যাদা ও পুনর্বাসন ব্যবস্থা।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দুপুরের পর। পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেডে ব্যবহৃত রোড ব্লকারগুলো একত্র করে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে সেচ ভবনের সামনে তৈরি অস্থায়ী তাঁবুতেও আগুন দেওয়া হয়।

পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার পর বিকেল ২টার দিকে আন্দোলনকারীদের মানিক মিয়া এভিনিউ থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পুলিশ আসাদগেট পর্যন্ত অবস্থান নিয়েছে, আর আন্দোলনকারীরা এর ওপারে অবস্থান করছেন।

এ ঘটনায় মানিক মিয়া এভিনিউ ও মিরপুর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ভাঙচুর করা হয়েছে আসবাবপত্র ও সিরামিক সামগ্রী।

বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের কথা থাকলেও সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ আন্দোলনকারীদের সরে যাওয়ার আহ্বান জানালেও তারা অবস্থান অব্যাহত রাখেন। এরপরই শুরু হয় সংঘর্ষ।

পরিস্থিতি এখন থমথমে ও উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে সংসদ ভবন এলাকায়।