চীনের কমিউনিস্ট পার্টি

চীনে নয় শীর্ষ জেনারেল বরখাস্ত: দুর্নীতি বিরোধী অভিযানে বড় পদক্ষেপ


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

চীনের কমিউনিস্ট পার্টি দেশটির সেনাবাহিনীর নয়জন শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছে। একই সঙ্গে তাদের সামরিক বাহিনীতেও পদচ্যুত করা হয়েছে। কয়েক দশকের মধ্যে চীনের সেনাবাহিনীতে এটিই অন্যতম বৃহত্তম শুদ্ধি অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গুরুতর আর্থিক অপরাধে জড়িত থাকার সন্দেহে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া জেনারেলদের মধ্যে অধিকাংশই তিন তারকা পদমর্যাদার কর্মকর্তা এবং তারা পার্টির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

বিবৃতিতে এই সিদ্ধান্তকে দুর্নীতি দমন অভিযানের অংশ হিসেবে উল্লেখ করা হলেও, বিশ্লেষকরা মনে করছেন এটি রাজনৈতিক শুদ্ধিকরণ অভিযানের অংশও হতে পারে।

দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশন শুরুর আগেই এই বরখাস্তের ঘটনা ঘটায় বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।

পর্যবেক্ষকদের মতে, সামরিক বাহিনীতে শৃঙ্খলা ও আনুগত্য নিশ্চিত করতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে এই অভিযান আরও বিস্তৃত আকারে চলতে পারে।