ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) আগুন লাগার পর আমদানিকারকরা তাদের পণ্যের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ছয় ঘণ্টা লেগে রাতে তা নিয়ন্ত্রণে আসে, তবে কার্গো ভিলেজের আশপাশে দুপুর পর্যন্ত ধোঁয়া দেখা গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা এখনও সম্পূর্ণ আগুন নেভাতে এবং পণ্য উদ্ধার কাজে যুক্ত রয়েছেন।
উদ্বিগ্ন আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা ক্ষয়ক্ষতির তথ্য জানার জন্য একে অপরের সঙ্গে ফোনে যোগাযোগ করছেন। ‘রুহুল ইন্টারন্যাশনাল’-এর প্রতিনিধি আলাল আহমেদ জানান, তাদের প্রতিষ্ঠানের প্রায় ৪০ হাজার ডলারের মালামাল পুড়ে গেছে। ‘এসআর ইন্টারন্যাশনাল’-এর মোশাররফ হোসেন জানান, ভিভো মোবাইলের খুচরা যন্ত্রাংশসহ অন্যান্য পণ্যের প্রায় ১০ হাজার কেজি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আনুমানিক ক্ষতি ১০০ কোটি টাকা।
কার্গো ভিলেজে মূলত হালকা যন্ত্রপাতি, ইলেকট্রনিক পণ্য, তৈরি পোশাক, নমুনা, অল্প পরিমাণে অ্যাক্সেসরিজ, দলিলপত্র ও পারসেল আমদানি-রপ্তানি করা হয়। আগুনের ঘটনায় রপ্তানিপণ্য অক্ষত থাকলেও দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কিছু ফ্লাইটকে ডাইভার্ট করতে হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে ২৫ জন আনসার সদস্য আহত হন। বর্তমানে বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
আপনার মতামত লিখুন :