বাণিজ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ফ্লাইট বিপর্যয়: দুই দিনের মাশুল মওকুফ করবে সরকার


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই দিন ধরে চলা ফ্লাইট বিপর্যয়ের মাশুল সরকার মওকুফ করবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে বিমানবন্দরের কার্গো ভিলেজের ৮ নম্বর গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে এবং এ ঘটনায় প্রাপ্ত সব অভিযোগ তদন্তের আওতায় আনা হবে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আসার আগে মালামাল সরানোর সুযোগ ছিল না। দুই দিন ধরে ফ্লাইট চলাচলে যে বিপর্যয় হয়েছে, তার মাশুল সরকার বহন করবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শনিবার (১৮ অক্টোবর) দুপুরে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।