১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোতায়েন হবে ৬ লাখ আইনশৃঙ্খলা সদস্য


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ৩:০৭ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ ও সাড়ে ৫ লাখ আনসার দায়িত্ব পালন করবেন। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইসি সচিব জানান, সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার মোতাবেক দায়িত্ব পালন করবে। পুলিশ ও আনসারও পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী মোতায়েন থাকবে।

এছাড়া তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার নিষিদ্ধ, আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনে ব্যবহার করতে পারবে। ভোটের জন্য আইনশৃঙ্খলা সদস্যদের ৮ দিনের জন্য মোতায়েনের প্রস্তাব এসেছে – ভোটের আগে তিন দিন, ভোটের দিন, এবং ভোটের পর চারদিন। এছাড়া পূর্বে লুট হওয়া অস্ত্রের ৮৫ শতাংশ উদ্ধার হয়েছে, বাকি উদ্ধার কার্যক্রম চলছে।