আতিউর ও বারকাত

জনতা ব্যাংক ঋণ কেলেঙ্কারিতে আতিউর ও বারকাতসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ১১:২২ অপরাহ্ন

দুর্নীতি দমন কমিশন (দুদক) সোমবার (২০ অক্টোবর) জনতা ব্যাংক থেকে ঋণের নামে ৫৩১ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক গভর্নর আতিউর রহমান ও সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে।

দুদকের তদন্তে উঠে এসেছে, যোগ্যতা না থাকা সত্ত্বেও ভুয়া কাগজপত্রের ভিত্তিতে এনানটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে শর্ত শিথিল করে ঋণ দেওয়া হয়েছিল। মূল টাকা আত্মসাতের পর তা সুদসহ বর্তমানে ১ হাজার ১৩০ কোটি ১৮ লাখ টাকায় পৌঁছেছে।

চার্জশিটে অন্য আসামিদের মধ্যে রয়েছেন এনানটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুছ বাদল, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী, সাবেক নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরী, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদসহ মোট ২৬ জন।

এর আগে, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় আবুল বারাকাতকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছিল।