এআই এখন জীবনের সব ক্ষেত্রে প্রভাব ফেলছে—ইতিবাচক ও নেতিবাচক উভয়ভাবেই

নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে কেন্দ্রীয় সেল গঠন হবে: সিইসি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ২:২০ অপরাহ্ন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার এখন একটি বৈশ্বিক সমস্যা, যা নির্বাচনের সময় আরও জটিল আকার নিতে পারে। তিনি জানান, নির্বাচনে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও ভুল প্রচারণা ঠেকাতে শিগগিরই একটি কেন্দ্রীয় সেল গঠন করা হবে, যা misinformation এবং disinformation নিয়ন্ত্রণে কাজ করবে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এআই সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচনের সময় অনেক কিছু রাতে ঘটে যেতে পারে, বিশেষ করে রাতের বেলায় এআইয়ের অপব্যবহার বেশি হয়। তাই কমিশনকে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “আমাদের জানতে হবে কী ধরনের জনবল এ কাজে লাগানো যায়, কীভাবে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য জনগণের কাছে পৌঁছানো সম্ভব। এজন্য প্রযুক্তি বিশেষজ্ঞদের মতামত জরুরি।” তিনি উপস্থিত বিশেষজ্ঞদের উদ্দেশে বলেন, “আমি এখানে কোনো গাইডলাইন চাই না, বরং আপনারা আমাদের কার্যকর পরামর্শ দিন। এই কর্মশালার ফলাফল আমাদের জন্য দিকনির্দেশনা তৈরি করবে।”

সভাপতির বক্তব্যে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, এআই এখন জীবনের সব ক্ষেত্রে প্রভাব ফেলছে—ইতিবাচক ও নেতিবাচক উভয়ভাবেই। তিনি বলেন, “নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে এআইয়ের অপব্যবহার রোধ করা এখন জরুরি।” কর্মশালায় চার নির্বাচন কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রযুক্তি বিশেষজ্ঞ ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা এআই ব্যবহার করে ভুয়া তথ্য শনাক্ত, যাচাই ও প্রতিরোধে করণীয় বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।