পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য ভুল


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ৭:২৮ অপরাহ্ন

ভারতের সঙ্গে বাংলাদেশের ১০টি চুক্তি ও প্রকল্প বাতিলের খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তিনি বলেন, “শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সঙ্গে কেবল একটি চুক্তি বাতিল হয়েছে।”

মঙ্গলবার (২১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা জানান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পোস্টে যে তালিকাটি প্রকাশ করা হয়েছে, সেটি সঠিক নয়। তিনি বলেন, “তালিকার অধিকাংশ প্রকল্প বাস্তবে ছিলই না। কেবলমাত্র ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগবোট সরবরাহ সংক্রান্ত চুক্তিটিই বাতিল হয়েছে।”

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি ও প্রকল্প বর্তমানে পর্যালোচনার পর্যায়ে রয়েছে। উল্লেখ্য, এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছিলেন, শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সঙ্গে করা ১০টি চুক্তি বাতিল হয়েছে এবং আরও কিছু প্রকল্প বিবেচনাধীন রয়েছে।