১৯ মাস পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ে উল্লাস টাইগারদের


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ৭:৫০ অপরাহ্ন

দীর্ঘ ১৯ মাস পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।

এর আগে প্রথম ম্যাচে রিশাদ হোসেনের ঘূর্ণিতে ৭৪ রানে জয় পায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে হেরে টানা পঞ্চম সিরিজ হারার শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু শেষ ম্যাচে স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে সব দুশ্চিন্তা উড়িয়ে দিল টাইগাররা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চট্টগ্রামে ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের স্পিনারদের তোপে পড়ে ক্যারিবীয়রা। নাসুম আহমেদের নেতৃত্বে সবক’টি উইকেটই তুলে নেন স্পিনাররা। ৩টি করে উইকেট পেয়েছেন নাসুম ও রিশাদ, আর দুটি করে নিয়েছেন মিরাজ ও তানভীর ইসলাম।

শুরুতেই ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে ধস নামে উইন্ডিজ ইনিংসে। পরে তানভীর ও রিশাদের ঘূর্ণিতে ধ্বসে পড়ে পুরো ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ১১৭ রানে গুটিয়ে যায় দলটি।

এ জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয় পেলেন মেহেদী হাসান মিরাজ। এর আগে ২০২৩ সালের মার্চে চট্টগ্রামেই শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

এখন সামনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৬/৮ (সাইফ ৮০, সৌম্য ৯১, হৃদয় ২৮, শান্ত ৪৪, মাহিদুল ৬, রিশাদ ৩, নাসুম ১, সোহান ১৬*, মিরাজ ১৭; আকিল ১০-১-৪১-৪, চেইস ৮-১-৫৩-১, পিয়ের ১০-০-৪৬-০, গ্রেভস ৭-০-৬১-০, মোটি ৮-০-৫৩-১, আথানেজ ৭-০-৩৭-২)

ওয়েস্ট ইন্ডিজ: ৩০.১ ওভারে ১১৭ (আথানেজ ১৫, কিং ১৮, ওগিস ০, কার্টি ১৫, হোপ ৪, রাদারফোর্ড ১২, চেইস ০, গ্রেভস ১৫, মোটি ৭, আকিল ২৭, পিয়ের ০*; নাসুম ৬-১-১১-৩, মিরাজ ৭-০-৩৫-১, তানভির ৮-০-১৬-২, রিশাদ ৯-০-৫৪-৩)

ফল: বাংলাদেশ ১৭৯ রানে জয়ী