অধ্যাপক মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

জেনারেল মির্জা বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগ বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে দ্বিমুখী নৌপথ ইতোমধ্যে চালু হয়েছে এবং শিগগিরই ঢাকা-করাচি আকাশপথ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে পাকিস্তানের পক্ষ থেকে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

আলোচনায় মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার পাশাপাশি ভুয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের চ্যালেঞ্জ নিয়েও মতবিনিময় হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, “ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে, যা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই হুমকির মোকাবিলায় বৈশ্বিক ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন।”

সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।