ঢাকার সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে টানা কয়েক ঘণ্টার সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে গভীর রাত পর্যন্ত।
প্রত্যক্ষদর্শীদের মতে, ড্যাফোডিলের এক শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণকে কেন্দ্র করে ব্যাচেলর প্যারাডাইস এলাকায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিলের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকটি ভবনে ভাঙচুরের ঘটনা ঘটে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলেও শিক্ষার্থীরা দাবি করেছেন, দীর্ঘ চার ঘণ্টা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। এসময় উভয় পক্ষের অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হন।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে। ড্যাফোডিলের শিক্ষার্থীরা রাত ১২টার পর সিটি ইউনিভার্সিটির ভেতরে ঢুকে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। লুট করা হয় কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ মালামাল এবং আগুনে পুড়ে যায় তিনটি বাস ও একটি প্রাইভেটকার। আরও পাঁচটি যানবাহন ভাঙচুর করা হয়। সংঘর্ষের সময় আতঙ্ক সৃষ্টি করতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
সাভার থানার ডিউটি অফিসার এসআই হাবিবুর রহমান জানান, “উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং উত্তেজনা যেন না বাড়ে সে চেষ্টা চলছে।”
এদিকে ঘটনাস্থলে এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :