যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ১৮ ফিলিস্তিনি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার রাতভর এই হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

দক্ষিণ রাফা এলাকায় পাল্টাপাল্টি গোলাগুলিতে এক ইসরায়েলি সেনা আহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় ব্যাপক হামলার নির্দেশ দেন। এর পরপরই গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান ও ড্রোনের তাণ্ডব শুরু হয়।

আলজাজিরার তথ্যমতে, উত্তর গাজার সাবরা পাড়ায় একটি আবাসিক ভবনে বোমা হামলায় ৪ জন নিহত হন। এছাড়া দক্ষিণের খান ইউনিসে আরও ৫ ফিলিস্তিনি প্রাণ হারান। গাজার আল-শিফা হাসপাতাল এলাকার কাছেও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।

অন্যদিকে, ইসরায়েলের এই হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস। সংগঠনটি জানায়, ইসরায়েলের উস্কানিমূলক আচরণের কারণে তারা এক জিম্মির মরদেহ হস্তান্তর প্রক্রিয়া স্থগিত করেছে। হামাস সতর্ক করে বলেছে, ইসরায়েল আরও আগ্রাসন চালালে বাকী ১৩ জিম্মির মরদেহ উদ্ধারে বিলম্ব ঘটবে।

তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স দাবি করেছেন, যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে। তিনি বলেন, “ছোটখাটো সংঘর্ষ হলেও শান্তি স্থিতিশীল থাকবে বলে আমরা বিশ্বাস করি।”

হামাস এক বিবৃতিতে রাফাহ অঞ্চলের ঘটনার সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করে ইসরায়েলের সর্বশেষ এই হামলাকে “যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন” বলে অভিহিত করেছে এবং অবিলম্বে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে।