আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ৮, আহত ১৮০


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের কাছে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৮ জন নিহত ও ১৮০ জন আহত হয়েছেন। বাংলাদেশ সময় রবিবার রাত আড়াইটার দিকে রিখটার স্কেলে ৬.৩ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার গভীরে।

বালখ প্রদেশের স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র সামিন জোয়েন্দা জানিয়েছেন, উদ্ধার অভিযান চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইউএসজিএস সতর্ক করেছে, এতে ‘বহু হতাহত’ ও ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হতে পারে।

তালেবান সরকারের বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়িদ জানিয়েছেন, শোলগারা জেলায় বহু মানুষ আহত হয়েছেন। তিনি বলেন, “বেশিরভাগ মানুষ উঁচু ভবন থেকে নিচে পড়ে আহত হয়েছেন।”

মাজার-ই-শরিফের পাঁচ লাখের বেশি মানুষ ভূমিকম্পের সময় আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঐতিহাসিক ব্লু মসজিদের চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। এই স্থাপনাটি শিয়া মুসলমানদের কাছে প্রথম ইমামের সমাধিস্থল হিসেবে পবিত্র বলে বিবেচিত।

উল্লেখ্য, ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ। এর আগে গত আগস্টে পূর্ব আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। দুর্বল নির্মাণকাঠামোর কারণে দেশটিতে প্রতি বছরই বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটে।