রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া পৃথক দুই মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও দেশ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। গুলশান থানার কামাল হোসেন হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারকে এবং কোতোয়ালি থানার হত্যাচেষ্টা মামলায় আরিফ হাসানকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন আদালত।
আদালতে হাজির হয়ে দুজনই কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের বক্তব্য দেন এবং পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আন্দোলনকারী কামাল হোসেন। এ ঘটনায় চলতি বছরের ৭ জুলাই গুলশান থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
অন্যদিকে, গত বছরের ৫ আগস্ট কোতোয়ালি থানার সিএমএম কোর্ট এলাকায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন রোফায়েদ হাসান। পরবর্তীতে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় ১৪ নভেম্বর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।
আপনার মতামত লিখুন :