মনোনয়ন পেলেন, আবার হারালেন, কে এই কামাল জামান


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া মাত্র একদিনের মধ্যেই স্থগিত হয়েছে কামাল জামান নুরুদ্দিন মোল্লার প্রার্থিতা। সোমবার (৩ নভেম্বর) বিএনপির ঘোষিত তালিকায় তার নাম থাকলেও মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় দলীয় কেন্দ্রীয় সিদ্ধান্তে এ মনোনয়ন স্থগিত করা হয়।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণে সংশ্লিষ্ট আসনের প্রার্থী স্থগিত রাখা হলো।’

মনোনয়ন পাওয়ার পরদিন শিবচরে কামাল জামানের বাসায় আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ হলেও তিনি নিজে নেতা–কর্মীদের সংযত থাকার আহ্বান জানান এবং নির্বাচনী কাজের ওপর গুরুত্ব দিতে বলেন। অন্যদিকে একই আসনে মনোনয়ন বঞ্চিত সাবেক প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলুর অনুসারীরা রাতে বিক্ষোভে নামে এবং ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ করে রাখে।

উল্লেখ্য, কামাল জামান ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বর্তমানে তিনি শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

প্রার্থিতা স্থগিত প্রসঙ্গে স্থানীয় বিএনপি নেতারা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে তারা সাংগঠনিকভাবে কাজ চালিয়ে যাবেন। কামাল জামান বলেন, এখন উল্লাস নয়, ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করাই মূল লক্ষ্য।