সরকারের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি আপাতত স্থগিত


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

সরকারি আশ্বাসে আপাতত স্থগিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি। দশম গ্রেডসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করলেও, সরকারের পক্ষ থেকে আলোচনায় ইতিবাচক সাড়া মেলায় শিক্ষকরা সাময়িকভাবে শ্রেণিকক্ষে ফিরতে সম্মত হয়েছেন।

তবে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি আগের মতোই চলবে বলে জানিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ। রবিবার রাতে সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা’র সভাপতিত্বে আয়োজিত বৈঠকে শিক্ষকদের তিনটি প্রধান দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসব দাবির মধ্যে রয়েছে—সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা। আলোচনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে, এসব দাবি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং দ্রুততম সময়ে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এর আগে শনিবার বিকেলে শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু শিক্ষক আহত হন, যা আন্দোলনে উত্তেজনা ছড়ায়।

পরে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন এবং রোববার সারা দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন, এতে প্রায় তিন লাখ ৮৪ হাজার শিক্ষক পাঠদান থেকে বিরত থাকেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল সরকার প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করলেও, সহকারী শিক্ষকদের ক্ষেত্রে সমমানের সমন্বয় না হওয়ায় তারা বৈষম্যের অভিযোগ তুলে আন্দোলনে নামেন। সরকারের সদর্থক আশ্বাসে আপাতত কর্মবিরতি স্থগিত হলেও, শিক্ষকরা জানিয়েছেন—দাবি বাস্তবায়নের লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলনের প্রস্তুতি তারা বজায় রাখবেন।