যেসব রোগের কারণে হজের অনুমতি দেবে না সৌদি, জানাল ধর্ম মন্ত্রণালয়


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৫, ৫:৫১ অপরাহ্ন

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের হজের অনুমতি দেবে না সৌদি আরব। হজযাত্রীদের সার্বিক স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে হবে যে তারা হজ পালনের উপযোগী ও স্বাস্থ্যঝুঁকিমুক্ত। সোমবার (১০ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজযাত্রী প্রেরণকারী দেশগুলোর কাছে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, যেসব ব্যক্তি গুরুতর শারীরিক জটিলতায় ভুগছেন, যেমন—ডায়ালাইসিস চলছে এমন কিডনি রোগী, গুরুতর হৃদরোগী, অক্সিজেননির্ভর ফুসফুসের রোগী, ভয়াবহ লিভার সিরোসিস, স্মৃতিভ্রষ্ট বা মানসিক রোগী, অতি বয়স্ক ব্যক্তি এবং গর্ভাবস্থার শেষ পর্যায়ে বা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতী নারী—তাদের হজের অনুমতি দেওয়া হবে না।

এছাড়া সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি—যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক জ্বর বা কেমোথেরাপি ও ইমিউনোথেরাপি নিচ্ছেন এমন ক্যান্সার রোগীরাও হজে যেতে পারবেন না।

সৌদি সরকার জানিয়েছে, হজযাত্রী প্রেরণকারী প্রতিষ্ঠানগুলোকে প্রতিটি হজযাত্রীর জন্য স্বাস্থ্যঝুঁকিমুক্ত প্রত্যয়ন ও বৈধ স্বাস্থ্যসনদ নুসুক মাসার প্ল্যাটফর্মে আপলোড করতে হবে। এই সনদের সত্যতা যাচাই করবে সৌদি মনিটরিং টিম। কোনো দেশের হজযাত্রীর স্বাস্থ্যগত অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “সুষ্ঠু ও নিরাপদ হজ ব্যবস্থাপনার জন্য শারীরিক সক্ষমতা অপরিহার্য। সৌদি সরকারের স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা হবে।”

উল্লেখ্য, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের হজ নিবন্ধন না করার জন্য আগেই ধর্ম মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে। হজ এজেন্সিগুলোকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি সরকারের আহ্বানে বিষয়টি নিয়ে আয়োজিত এক কর্মশালায় অংশ নিয়েছেন বাংলাদেশের দুজন চিকিৎসক।