ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৫, ৬:৪১ অপরাহ্ন

দেশে আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। সংস্থাটি লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। গড় এলসি মূল্য, ইনবন্ড-এক্সবন্ড শুল্ক এবং ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে এই সুপারিশ করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ জুলাই অনুষ্ঠিত মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার সয়াবিন তেলের খুচরা দাম ১৮৯ টাকা নির্ধারণ করা হয়। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও ডলারের মূল্য বৃদ্ধির প্রভাবে এলসির খরচ বেড়ে গেছে।

নভেম্বরের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম দাঁড়ায় ১ হাজার ৬২ ডলার, আর পাম তেলের দাম ১ হাজার ৩৭ ডলার। এ পরিস্থিতিতে দেশীয় বাজারে তেলের দাম সমন্বয়ের প্রস্তাব দিয়েছে কমিশন।

প্রস্তাবনায় বলা হয়েছে, প্রতি ডলার ১২২ টাকা ৬০ পয়সা ধরে পরিশোধিত সয়াবিন ও পাম সুপার তেলের দাম নির্ধারণ করতে হবে। এতে বোতলজাত সয়াবিন তেলের খুচরা মূল্য ১৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৮ টাকা ২৭ পয়সা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৬৯ টাকা থেকে বেড়ে ১৭৭ টাকা ৮৫ পয়সা করার সুপারিশ করা হয়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশে ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। ফলে বছরের শেষ দিকে আবারও ভোজ্যতেলের দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।