স্বরাষ্ট্র উপদেষ্টা

সড়কের পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ থাকবে


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন

সড়কের পাশে কিছুদিনের জন্য জ্বালানি তেল বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, রাস্তার ধারে বিক্রি হওয়া এসব তেল ব্যবহার করে প্রায়ই নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো হয়; তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সম্প্রতি কিছু এলাকায় বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনাল, মেট্রোরেল ও রেলওয়েসহ দেশের গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “গোয়েন্দা সংস্থাগুলোর কোনো ব্যর্থতা নেই। সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনে কারা আছে, তা খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী কাজ করছে।”

আগামী নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনী দায়িত্বে মোতায়েন থাকবে সাড়ে ৫ লাখ আনসার, দেড় লাখ পুলিশ, এক লাখ সেনাবাহিনী সদস্য, ৩৫ হাজার বিজিবি সদস্য এবং প্রায় ৪ হাজার কোস্টগার্ড সদস্য।

এছাড়া তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযান আরও জোরদার করা হবে, যাতে দ্রুত বাহিরে থাকা অস্ত্রগুলো উদ্ধার করা যায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়।