আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণার পর দেশজুড়ে বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সদর দপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি সকল বিমানবন্দরে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি, বিমানবন্দর এলাকায় টহল বৃদ্ধি এবং মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হবে। এছাড়া সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন এবং ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ সাংবাদিকদের বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই সর্বোচ্চ অগ্রাধিকার। জনসাধারণকে সচেতন থাকার পাশাপাশি নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, আগামী ১৩ নভেম্বর ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি নিষিদ্ধ হলেও এর প্রভাব নিয়ে গত দুই দিন ধরে উত্তেজনা তৈরি হয়েছে। ইতোমধ্যে যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলাবাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
আপনার মতামত লিখুন :