মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অন্যতম আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আজ বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।

পুলিশের কড়া নিরাপত্তায় সকাল ৯টার পর কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলাটিতে পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ হওয়ার কথা। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর রায়ের অপেক্ষমাণ তালিকায় মামলাটি ১ নম্বরে রয়েছে।

এদিকে, শেখ হাসিনার মামলার রায় ঘিরে আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে হাইকোর্ট মাজারসংলগ্ন ট্রাইব্যুনাল এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। সেখানে বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যানও মোতায়েন করা হয়েছে।