রাজশাহীতে বিচারকের ভাড়া বাসায় ঢুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে তার স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৮)

রাজশাহীতে বিচারকের বাসায় নৃশংস খুন, ছুরিকাঘাতে নিহত ছেলে, আহত স্ত্রী


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

রাজশাহীতে বিচারকের ভাড়া বাসায় ঢুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে তার স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৮)। গুরুতর আহত হয়েছেন বিচারক মোহাম্মদ আবদুর রহমানের স্ত্রী তাসমিন নাহার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকার স্পার্কভিউ ভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে বাসার পঞ্চম তলায় চিৎকার শুনে দৌড়ে যান ভবনের ম্যানেজার মাহবুব। তিনি গিয়ে দেখেন—তাওসিফ, তার মা তাসমিন নাহার ও গৃহপরিচারক লিমন মিয়া রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। সবাইকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সুমনকে মৃত ঘোষণা করেন।

আহত তাসমিন নাহারের শরীরে অস্ত্রোপচার চলছে, আর সন্দেহভাজন ঘাতক লিমন (গাইবান্ধা) চিকিৎসাধীন অবস্থায় পুলিশের হেফাজতে রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন,

“ঘটনার কারণ এখনো পরিষ্কার নয়। পারিবারিক বা ব্যক্তিগত কোনো বিরোধের সূত্র থাকতে পারে। তদন্ত দল বিষয়টি খতিয়ে দেখছে।”

ঘটনার সময় বিচারক আবদুর রহমান বাসায় ছিলেন না। হঠাৎ ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে স্তম্ভিত পুরো রাজশাহী নগরী—বিচারকের ঘরেও নেমেছে বিচারহীন এক রক্তাক্ত বিকেল।