দুপুরে গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৫, ৮:৪১ অপরাহ্ন

সাবেক স্ত্রীর দায়ের করা হত্যাচেষ্টা ও মারধরের মামলায় গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত। শনিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান ২০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এরপর আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তিনি আদালতের হাজতখানা থেকে মুক্তি পান।

দিনের শুরুতে হাতিরঝিলের উলন এলাকায় নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। হিরো আলমের আইনজীবী শুনানিতে জানান, আগের চারটি তারিখে আইনজীবীর সঙ্গে যোগাযোগ না হওয়ায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি—এ কারণে তার আগের জামিন বাতিল হয়। তিনি যুক্তি দেন, হিরো আলম কখনো হামলা বা অপকর্মে জড়িত ছিলেন—এমন প্রমাণ নেই।

অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী যুক্তি দেন, বারবার অনুপস্থিত থেকে তিনি আদালতকে অসম্মান করেছেন এবং জামিন পেলে আবারও হাজির না হওয়ার আশঙ্কা আছে। আদালতে উপস্থিত হয়ে অভিযোগকারিণী রিয়া মনি আবেগাপ্লুত কণ্ঠে জানান, তাকে তালাক দেওয়া, অপমান করা এবং সাইবার বুলিংয়ের মাধ্যমে তার জীবন অসহ্য করে তোলা হয়েছিল।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত হিরো আলমকে জামিন দেন।

মামলাটি গত জুনে রিয়া মনি দায়ের করেন, যেখানে অভিযোগ করা হয় যে মীমাংসার প্রসঙ্গ বলে ডেকে তাকে মারধর করা হয় এবং তার গলার সোনার চেইন নিয়ে নেওয়া হয়। আগের জামিনের শর্ত ভঙ্গের কারণে গত সপ্তাহে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।