উত্তর আফ্রিকার লিবিয়া উপকূলে অবৈধভাবে ইউরোপগামী দুটি নৌকা ডুবে গেছে—যার একটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি। চারজন নিহত হয়েছেন। অন্য নৌকাটিতে থাকা সুদানের ৬৭ জনসহ মোট ৬৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনার স্থান উত্তর–পশ্চিম লিবিয়ার আল–খোমস উপকূল।
লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার রাতে দুটি নৌকা উল্টে যাওয়ার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার ও জীবিতদের সহায়তা করে। নিহত চারজনই বাংলাদেশি বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
দ্বিতীয় নৌকাটি, যাতে সুদান, মিসর ও শিশুদের অন্তর্ভুক্ত মোট ৬৯ জন ছিলেন, সেখানে কোনো প্রাণহানি ঘটেনি।
লিবিয়া দীর্ঘদিন ধরে ইউরোপমুখী অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট রুট। গাদ্দাফি পতনের পর দেশটিতে নিরাপত্তাহীনতা, মানবপাচার ও মিলিশিয়াদের প্রভাব বেড়ে যাওয়ায় অভিবাসীরা নিয়মিত নির্যাতন, চাঁদাবাজি ও সহিংসতার ঝুঁকিতে থাকে।
মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইউরোপীয় ইউনিয়ন লিবিয়া কোস্টগার্ডকে সহায়তা করলেও সেই বাহিনীর সঙ্গে মিলিশিয়াদের যোগসাজশ রয়েছে। একই সঙ্গে সরকারি উদ্ধার অভিযান কমে যাওয়ায় ভূমধ্যসাগর পাড়ি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।
আপনার মতামত লিখুন :