সৌদি আরবের মদিনার কাছে একটি বড় সড়ক দুর্ঘটনায় ৯ শিশুসহ ৪২ ভারতীয় নিহত হয়েছেন। তারা সবাই দেশটিতে ওমরাহ পালন করতে গিয়েছিলেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিন প্রজন্মের ১৮ জন রয়েছেন, যার মধ্যে ৯ শিশু। পুরো পরিবারটিই এক ঝটকায় নিশ্চিহ্ন হয়ে গেছে।
ভারতের তেলেঙ্গানা রাজ্যের এই পরিবারটি আগামী শনিবার দেশে ফিরে আসার কথা ছিল। নিহতদের মধ্যে ছিলেন নাসিরুদ্দিন (৭০), স্ত্রী আখতার বেগম (৬২), ছেলে সালাউদ্দিন (৪২), তিন মেয়ে আমিনা (৪৪), রিজওয়ানা (৩৮), শাবানা (৪০) এবং তাদের সন্তানরা।
দুর্ঘটনা ঘটেছে স্থানীয় সময় রোববার রাত ১টা ৩০ মিনিটে মক্কা-মদিনা রুটের মুহরাস বা মুফরিহাত এলাকায়, যখন ডিজেলবাহী একটি ট্যাংকারের সঙ্গে বাসটি সংঘর্ষে পড়ে আগুন ধরেছে। মুহরাস থেকে মদিনার দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার, এবং দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন।
নিহতদের আত্মীয় মোহাম্মদ আসিফ এনডিটিভিকে জানান, “আমার ভাবি, দুলাভাই, তাদের ছেলে-মেয়ে ও সন্তানরা ওমরাহ করতে গিয়েছিলেন। দুর্ঘটনার আগে পর্যন্ত তারা পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। এটি আমাদের জন্য ভয়ংকর এক বিপর্যয়।”
তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি রাজ্যপ্রশাসনের কর্মকর্তাদের নিহত যাত্রীদের খোঁজ-খবর নিতে নির্দেশ দিয়েছেন এবং কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে সৌদিতে তাৎক্ষণিক সহায়তা পাঠাতে প্রস্তুত রাজ্য সরকার।
আপনার মতামত লিখুন :