প্রতিদিনের ন্যায় বড়ো ভাইয়ের বাইসাইকেলে চেপে যাচ্ছিল ছোট্ট শিশু ইয়াসির আরাফাত শীষ(৬)। কিন্তু আজ স্কুলে যাওয়ার আগেই ঘাতক ট্রাকটি থামিয়ে দেয় নিষ্পাপ শিশুটির জীবন প্রদীপ। নিহত শীষের বড়ো ভাই সামান্য আহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে সাতটার দিকে যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটী বাবলাতলা দক্ষিণপাড়ার রিপনের বাড়ির সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত শিষ শেখহাটী এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, আরাফাত যশোর কেন্দ্রীয় কারাগার প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র। সকালে বড় ভাইয়ের সাইকেলে স্কুলে যাচ্ছিল সে। বড় ভাই সাইকেল চালাচ্ছিল, আর আরাফাত বসেছিল পিছনে। পথে সিমেন্টবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৬-৩৬৯৭) পেছন দিক থেকে সাইকেলে ধাক্কা দিলে আরাফাত সড়কে পড়ে যায়। মুহূর্তেই ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক থাকা চালককে আটকের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :